ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার মামলায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে কারা ফটকে জিজ্ঞাসাবাদে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
ফলে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদে আর বাধা থাকলো না।
এ মামলায় জিজ্ঞসাবাদের জন্য পিন্টুকে গত রোববার ৫ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেয় বিচারিক আদালত।
এরপর পিন্টুর আবেদনে বিচারপতি এএফএম আবদুর রহমান ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেয়, পিন্টুকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করতে হবে।
সরকারের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন মঙ্গলবার হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
আদেশের পর অতিরিক্ত অ্যার্টনি জেনারেল একেএম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন।"
পিন্টুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন।
২০০১ সালের ১৬ জুন চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত হয়। ঘটনার পর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা একটি মামলা করেন।
সালাম পিন্টুকে এর আগে ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।
সাবেক এ বিএনপি সাংসদ ২০০৮ সালের ১৭ জানুয়ারি গ্রেপ্তার হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24