ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর তালিকায় এবার বাংলাদেশ শীর্ষ ১০ এ নেই।
দুর্নীতির ধারণাগত সূচক (সিপিআই) হিসাব করে আর্ন্তজাতিক সংস্থাটির মঙ্গলবার প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলাদেশের অবস্থান ত্রয়োদশ।
ঢাকা রিপোটার্স ইউনিটিতে সাংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বার্ষিক সূচক প্রকাশ করে।
সারাবিশ্বে একই সময়ে তালিকাটি প্রকাশ করা হয়।
সূচক অনুসারে এবার বাংলাদেশের স্কোর ২ দশমিক ৪। ত্রয়োদশ অবস্থানে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, বেলারুশ ও ফিলিপাইন।
গত বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল দশম। এর আগে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা পাঁচবার দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে ছিল। ২০০৬ সালে তৃতীয় এবং ২০০৭ সালে সপ্তম অবস্থানে ছিল।
তালিকা অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতি হয় নিউ জিল্যান্ডে, দ্বিতীয়স্থানে আছে ডেনমার্ক, তৃতীয় যৌথভাবে সিঙ্গাপুর ও সুইডেন। এসব দেশের স্কোর ৯ দশমিক ৪, ৯ দশমিক ৩ এবং ৯ দশমিক ২।
বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে সোমালিয়া। দ্বিতীয় আফগানিস্তান ও তৃতীয় মিয়ানমার। ১০ এর মধ্যে দেশগুলোর স্কোর যথাক্রমে ১ দশমিক ১, ১ দশমিক ৩ এবং ১ দশমিক ৪।
দুর্নীতির সূচকে স্কোর বাড়ানোর ক্ষেত্রে যে নয়টি দেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশ।
অপর দেশগুলো হলো- বেলারুশ, গুয়েতেমালা, লিথুনিয়া, মলদোভা, মন্টিনিগ্রো, পোল্যান্ড, সিরিয়া ও টোগো।
টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান তালিকাটি প্রকাশ করেন। উপস্থিত ছিলেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ।
সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, বিশ্বের ১'শ ৮০ টি দেশের দুর্নীতির বিষয় নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১'শ ৩৯ তম। গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২ দশমিক ১।
তালিকায় বাংলাদেশের অগ্রগতির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি বিরোধী অভিযান ও প্রশাসনিক সংস্কার এবং বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অঙ্গীকার ও বিগত সরকারের কিছু প্রশাসনিক সংস্কার অব্যাহত রাখার কারণে স্কোর বেড়েছে।
তিনি বলেন, "স্কোর বাড়লেও দেশে দুর্নীতি কমেনি। এখনো দেশে প্রকট দুর্নীতি রয়েছে।"
তার মতে, সংসদ ও সংসদীয় কমিটি, দুর্নীতি দমন কমিশন, নির্বচান কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর করা না হলে এবং সরকারি ক্রয় নীতিমালা সংশোধন না হলে দুর্নীতি আবারও বেড়ে যেতে পারে। এছাড়াও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না হলে দেশ থেকে দুর্নীতি কমবে না।
টিআইবি'র নির্বাহী পরিচালক জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান, শ্রীলংকা এবং ভারতের অবস্থান বাংলাদেশের চেয়ে ভালো। ২০০৯ সালের তালিকায় দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে ভারতের অবস্থান ২৩, পাকিস্তান ১৩, শ্রীলংকা ২১, নেপাল ১২, ভূটান ৩৬ এবং মালদ্বীপের অবস্থান ১৪ নম্বরে।
১'শ ৮০ টি দেশের মধ্যে ৮০ টি দেশের স্কোর ৩-এর চেয়ে কম। ৫৬ টি দেশের স্কোর ৫-এর বেশি। মোটামুটি ৫-এর মত স্কোর হলেই একটি দেশের দুর্নীতি নিয়ন্ত্রণে থাকে বলেও জানান তিনি ।
ইফতেখারুজ্জামান বলেন, "অর্থনৈতিক মন্দার কারণে যেসব দেশে আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে সেখানে স্বচ্ছতা নিশ্চিত করার কথা প্রতিবেদনে বলা হয়েছে। না হলে সারা পৃথিবীতেই দুর্নীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।"
এক প্রশ্নের জবাবে সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, "আশার কথা দেশের দুর্নীতির মাত্রা আস্তে আস্তে কমে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে দুর্নীতির বিরুদ্ধে যে অঙ্গীকার করেছিলেন তার বাস্তবায়ন করলে দেশ থেকে দুর্নীতি অনেক কমে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৯৪৮ ঘ.
bdnews24