ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কক্সবাজারের সোনাদিয়ায় পরিকল্পিত গভীর সমুদ্র বন্দরের নকশা ও প্রাথমিক ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (পিডিপিপি) তৈরি করতে একটি কমিটি করা হয়েছে।
সোমবার বিকেলে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ কমিটি করা হয় বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান কমডোর রিয়াজউদ্দিন আহমেদ কমিটির আহবায়ক এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ক্যাপ্টেন এ কে এম শফিকউল্লাহ সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ কমিটি তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে।
আগামী বছরের ডিসেম্বরের মধ্যে গভীর সমুদ্র বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও বৈঠকে জানানো হয়।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসকে/২৩৩০ঘ.
bdnews24