ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণাকে সামনে রেখে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীকে 'সর্বোচ্চ ও সর্বাত্মক' সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের রায় ঘোষণা হবে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, আতঙ্কিত নয়, বরং জনগণকেই আশ্বস্ত করতেই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য আবারো নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, "যদি কেউ কিছু ঘটাতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তা মোকাবেলা করতে আইন শৃঙ্খলাবাহিনী সদাপ্রস্তুত।"
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানান, সারা দেশে গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক দৃষ্টি রাখছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে সে বিষয়ে তারা আইন-শৃঙ্খলাবাহিনীকে নিরাপত্তা জোরদার ও 'সর্বোচ্চ ও সর্বাত্মক' সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কোনো ধরনের নাশকতার আশঙ্কা করা হচ্ছে না উল্লেখ করে সাহারা খাতুন জানান, তবে আগে থেকেই অতিরিক্ত সর্তকতামূলক ব্যবস্থা নিচ্ছে সরকার। আদালত ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।
এ বিষয়ে জনগণকে তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।
বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে ইতোমধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "তাদের অবস্থান নিশ্চিত করা গেলে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে।''
স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক নুর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/১৯৪৩ ঘ.
bdnews24