২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতার-টিভি স্বায়ত্তশাসন প্রসঙ্গে আদালতের নির্দেশ

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের স্বায়ত্তশাসনের জন্য গঠিত কমিটি এ পর্যন্ত কী কী কাজ করেছে তা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের স্বায়ত্তশাসনের জন্য গঠিত কমিটি এ পর্যন্ত কী কী কাজ করেছে তা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ মানবাধিকার সংগঠন 'অধিকার' এর রিট আবেদনের শুনানির সময় এই আদেশ দেয়। রাষ্ট্রনিয়ন্ত্রিত বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন প্রথাগতভাবে ক্ষমতাসীন সরকারের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহৃত হওয়ায় এদের স্বায়ত্বশাসন একটি বহুল আলোচিত বিষয়। বেতার-টিভির স্বায়ত্তশাসনের জন্য তৎকালীন সচিব মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ ১৯৯৭ সালের ৩০ জুন কিছু সুপারিশ পেশ করেন। সেই সুপারিশ বাস্তবায়নের জন্য অধিকার ২০০০ সালে জনস্বার্থ রিট আবেদনটি দায়ের করে। রিট আবেদনটির ওপর চুড়ান্ত শুনানির সময় সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার আদালতে বলেন, ১৯৯৯ সালের ২৫ মে এ বিষয়ে আরো একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির কাজ চলছে। তখন আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট আদিলুর রহমান খান বলেন, এই দশ বছরে ওই কমিটি কী কাজ করেছে তা আদালতের জানা দরকার। এ বিষয়ে আদালত নির্দেশ দিতে পারে। আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেতার- টিভি স্বায়ত্তশাসন কমিটি কী কী কাজ করেছে তা জানতে চেয়ে হাইকোর্ট একটি আদেশ দিয়েছে।" ১৯৯০ এর শেষে জেনারেল এরশাদের স্বৈরশাসনের অবসানের পর তার বিরুদ্ধে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো বেতার টিভির স্বায়ত্ত্বশাসনের ব্যাপারে একমত হয়। কিন্তু পরবর্তী বিভিন্ন সরকার এ নিয়ে প্রতিশ্র"তি দিয়ে এলেও এ ব্যাপারে অগ্রগতি হয়েছে সামান্যই। পর্যবেক্ষকরা এজন্য ক্ষমতাসীন দলগুলোর সদিচ্ছার অভাবকেই দায়ী করে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/এসকে/২০২০ঘ.