২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মা-মেয়েকে হত্যা

চুয়াডাঙ্গা শহরের রেলস্টেশন পাড়ায় সোমবার সকালে মা ও মেয়েকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 12:35 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

চুয়াডাঙ্গা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গা শহরের রেলস্টেশন পাড়ায় সোমবার সকালে মা ও মেয়েকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- রীনা আকতার (৩৫) ও তার মেয়ে আয়েশা আকতার (১২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ লিপু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আহসান হাবিব জানান, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে রেলস্টেশন পাড়ার এয়াকুব মিয়ার বাড়িতে হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার সময় রীনার স্বামী হাবিবুর রহমান বাসায় ছিলেন না। ছোট মেয়ে হাবজা আকতার ছিল স্কুলে। তিনি জানান, হাবিবুর রহমান পরিবার নিয়ে এয়াকুব মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। এয়াকুব ঢাকায় বসবাস করায় বাড়ি দেখাশোনা করতেন তার ভাই গোলাম মল্লিকের ছেলে লিপু। লিপুর ছোট ভাইও বাড়ির নিচ তলা থাকতেন। দোতলায় থাকতেন হাবিবুরের পরিবার। হাবিবুরের দুই মেয়ে আয়েশা আকতার ও হাবজা আকতারকে পড়াতেন লিপু। পড়ানোর টাকা ছাড়াও পরিবারটির কাছ থেকে তিনি মাঝেমধ্যে টাকা নিতেন। কিছুদিন আগে লিপুকে তার দুই মেয়েকে পড়াতে নিষেধ করেন হাবিবুর। পাশাপাশি টাকা দেওয়া এবং তার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়। ওসি জানান, তারা ধারণা করছেন এসব কারণে লিপু পরিবারটির ওপর ক্ষিপ্ত ছিলেন। হাবিবুর ঢাকায় থাকার সুযোগে তিনি রীনা ও আয়েশাকে খুন করে থাকতে পারেন। ওসি জানান, হত্যাকাণ্ডের পর লিপুকে রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। তাড়াহুড়া করে ট্রেনে উঠতে গিয়ে তার একটি পা কাটা পড়ে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রীনা ও আয়েশার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২২ ঘ.