২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে 'ক্রসফায়ার', নিহত ২ ভাই

সংবাদ সম্মেলন করে স্বজনদের আশঙ্কা প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যে সদর উপজেলার শিরখাড়া গ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে নিষিদ্ধ ঘোষিত একটি চরমপন্থি দলের সদস্য আপন দুই ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 05:05 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

মাদারীপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদ সম্মেলন করে স্বজনদের আশঙ্কা প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যে সদর উপজেলার শিরখাড়া গ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে নিষিদ্ধ ঘোষিত একটি চরমপন্থি দলের সদস্য আপন দুই ভাই। এর আগে কথিত ক্রসফায়ারে তাদের আরো এক ভাই নিহত হয়। রোববার রাতে নিহতরা হলেন- সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী লুৎফর খালাসী (৪০) ও তার ভাই খায়রুল খালাসী (৩৮)। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, রাত তিনটার দিকে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া গ্রামের জলকার ব্রীজ এলাকায় র‌্যাব-৮ ও চরমপন্থি দলের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে চরমপন্থি দলের সদস্য আপন দুই ভাই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। র‌্যাব-৮ এর এএসপি মাহমুদ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনান, লুৎফর খালাসী ও খায়রুল খালাসী বিরুদ্ধে মাদারীপুর থানা হত্যাসহ একাধিক মামলা রয়েছে। শনিবার সন্ধ্যায় মাদারীপুর শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লুৎফরের ছেলে বাবলু খালাসী 'ক্রসফায়ারে' তার বাবা ও চাচাকে মেরে ফেলা হতে পারে আশঙ্কা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঢাকার র‌্যাব-৩ এর একটি দল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রাপুর থেকে ওই দু'জনকে গ্রেপ্তার করে। ওইদিন তাদের আটক হওয়ার বিষয়টি র‌্যাব অধিনায়ক নিশ্চিত না করলেও মাদারীপুর সদর থানার ওসি গিয়াস উদ্দিন তা স্বীকার করেন। সংবাদ সম্মেলনে বাবলু দাবি করেন, ওবায়দুর নামে তার আরেক চাচাকে এর আগে 'ক্রসফায়ারে' হত্যা করেছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১০৪৫ ঘ.