ঠাকুরগাঁও, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ না করলে ক্ষমতাসীন মহাজোট আর ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, "দেশকে রক্ষার জন্যই আমি মহাজোটে যোগ দিয়েছিলাম।"
রোববার বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে জেলা জাতীয় পার্টির (জাপা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানিয়ে সাবেক এ স্বৈরশাসক বলেন, "কৃষকরাই দেশের প্রাণ। তাই কৃষকদের মাঝে কম দামে কৃষি উপকরণ সরবরাহ করতে হবে।"
এরশাদ আরও বলেন, "২০ বছর আগে উপজেলা সৃষ্টি করেছিলাম। ২০ বছর পর উপজেলা নির্বাচন হলো। শেষ বয়সে জাতীয় পার্টিকে প্রতিটি জেলায় প্রতিষ্ঠিত করে ছাড়বো।"
সংগঠনের জেলা শাখা সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমন্ডলির সদস্য সাংসদ হাফিজউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ বক্তব্য রাখেন।
পঞ্চগড় জাপা সম্মেলন
এদিকে একইদিন পঞ্চগড় সরকারি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, "সরকারি কর্মচারিরা নিশ্চিন্তে কাজ করতে পারছেন না। তারা মনে করে তাদের কাজের পরিবেশ সৃষ্টি হয়নি। কেন তারা লাঞ্ছিত-অপমানিত হচ্ছেন, চাকরি ছেড়ে দিচ্ছেন- এটা প্রধানমন্ত্রীকে ভেবে দেখতে হবে।"
জাতীয় পার্টি মহাজোটে আছে ও থাকবে জানিয়ে জাপা চেয়ারম্যান আরও বলেন, "মহাজোটে গিয়ে ভুল করিনি। তবে আমাদের কটাক্ষ-অবহেলা করবেন না। দূরে ঠেলে দিবেন না। জাতীয় পার্টি এখন অনেক শক্তিশালী। আমাদের দুর্বল ভাবা ঠিক হবেনা।"
সংগঠনের জেলা শাখা সভাপতি কামিজউদ্দিন প্রধানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে সভাপতিমন্ডলির সদস্য সাংসদ হাফিজউদ্দিন আহমেদ, তরুণ বসু, সুলতানুল ফেরদৌস নম্র, রেজাউল করিম রেজা, আবু সালেক ও জাকির হোসেন মৃধা বক্তব্য দেন।
সম্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি পদে রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক আবু সালেকের নাম ঘোষণা করেন এরশাদ। এছাড়া সাবেক সভাপতি কামিজউদ্দিন প্রধানকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ঘোষণা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩১২ ঘ.
bdnews24