২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইনজেকশনের সময় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক নয়'

হেপাটাইটিস ও এইচআইভি-র মতো মারাত্মক জীবাণুর সংক্রমণ এড়াতে নিরাপদ পদ্ধতিতে ইঞ্জেকশন প্রয়োগের ওপর জোর দিলেন এক সেমিনারের বিশেষজ্ঞ ও আলোচকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 04:49 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, ১৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--হেপাটাইটিস ও এইচআইভি-র মতো মারাত্মক জীবাণুর সংক্রমণ এড়াতে নিরাপদ পদ্ধতিতে ইঞ্জেকশন প্রয়োগের ওপর জোর দিলেন এক সেমিনারের বিশেষজ্ঞ ও আলোচকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজী বিভাগ এবং যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী স্কুল যৌথভাবে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারের শিরোনাম ছিল: "অনিরাপদ ইনজেকশন ব্যবহার এবং হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ও এইচআইভি সংক্রমণের ঝুঁকি ; ঝুঁকিমুক্তির উপায়"। বাংলাদেশের ছয়টি বিভাগীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ঝুঁকিপূর্ণভাবে ইনজেকশনের ব্যবহার ও অনুসৃত নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক গবেষণার জরিপ তুলে ধরেন অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। ইউকে-বাংলাদেশ হায়ার এডুকেশন লিংক প্রোগ্রামের অধীনে ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে ওই জরিপটি চালানো হয়। প্রোগ্রামের লিড পার্টনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী সভাপতির ভাষণে বিষয়টির গুরুত্ব তুলে ধরেন। এ কে আজাদ চৌধুরী বলেন, "ওষুধ প্রয়োগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জটিল মাধ্যম হচ্ছে ইনজেকশন। এই জন্য ইনজেকশন প্রয়োগের সময় যথেষ্ট নিরাপদ ব্যবস্থা নিতে হয়। অন্যথায় ইনজেকশন প্রয়োগের পর রোগীর শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো হেপাটাইটিস বি ভাইরাস (এইচবিভি), হেপাটাইটিস সি ভাইরাস (এইচসিভি) এবং হিউম্যান ইমিন্যু ডেফিসিয়েন্সি (এইচআইভি), সংক্রমণ যা প্রাণঘাতী।" অধ্যাপক চৌধুরী জানান, গবেষণায় দেখা গেছে যে, ইনজেকশন প্রয়োগকালে গৃহীত নিরাপদ ব্যবস্থা সন্তোষজনক নয় বরং তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইনজেকশন প্রয়োগকারী অর্থাৎ ডাক্তার-নার্সরা নিজেদের জন্যও অত্যন্ত অপর্যাপ্ত নিরাপদ ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হয়না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজকল্যাণ বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আরও ব্যাপক গবেষণা পরিচালনার জন্য সরকারের সার্বিক সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ আ আ ম স আরেফিন সিদ্দিক মানুষকে ঝুঁকি থেকে রক্ষা করতে ইনজেকশনের নিরাপদ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ধরণের গবেষণা আরও বিস্তৃতভাবে করা এবং তার আলোকে ব্যবস্থা করা জাতীয় স্বার্থে প্রয়োজন। সম্মানিত অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. কাজী শাহাদাত হোসেন ও ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের পরিচালক মিঃ চার্লস নাটাল ওবিই। সেমিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সেমিনার কমিটির আহ্বায়ক অধ্যাপক এ বি এম ফারুক এবং ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিজ্ঞপ্তি/এসকে/২২৪৬ঘ.