কুড়িগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ত্রাণের জন্য বরাদ্দ দেওয়া এক হাজার ৪৫০ কেজি চাল পাচারের সময় আটক করা হয়েছে।
শনিবার রাত ১২টার দিকে ঘোড়াগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় উপজেলার উত্তর দলদলিয়া পুটিপাড়া এলাকায় এ চাল আটক করে স্থানীয়রা।
মঙ্গা প্রবণ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দুস্থদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) চাল বরাদ্দ দিয়েছে। এর আওতায় কুড়িগ্রামে ২৮ হাজার ৮৩৩টি পরিবারের মাঝে ৫০ কেজি করে চাল বিতরণ করছে বেসরকারি সংস্থা রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিসেস (আরডিআরএস)।
স্থানীয়রা অভিযোগ করেন, আরডিআরএস'র কর্মকর্তা ও দলদলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারস্পারিক যোগসাজসে এসব চাল স্থানীয় ব্যবসায়ী আইয়ুব আলীর কাছে বিক্রি করে দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে দলদলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার হোসেন মুন্সি বলেছেন, যাদেরকে চাল দেওয়া হয়েছে তারাই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন।
চাল আটকের খবর পেয়ে উলিপুর থানার ওসি বজলুর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রফিক ঘটনাস্থলে যান।
তারা অভিযোগ শুনে চাল জব্দ করে স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীনের জিম্মায় রাখেন।
চাল বহনকারী ঘোড়াগাড়ির চালক নুর জামাল ও আব্দুুর রহমান সাংবাদিকদের জানান, দলদলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন আইয়ুব আলীর গুদাম থেকে তারা এই চাল পাশের রাজারহাট উপজেলার নিজাম খান বাজারে নিয়ে যাচ্ছিলেন।
এর আগে বস্তা বদল করে চালগুলো চটের বস্তায় ভরা হয়।
উত্তর দলদলিয়া গ্রামের শাহজাহান, লালমিয়া, রুবি বেগম ও আয়শা অভিযোগ করেন, ত্রাণের তালিকায় নাম থাকলেও রোববার পর্যন্ত তাদের চাল দেওয়া হয়নি।
দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার হোসেন মুন্সি দাবি করেন, চাল বিতরণে কোনো অনিয়ম হয়নি।
আরডিআরএস-এর উলিপুর উপজেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. ইউসুফ বলেন, ঘটনা তদন্তে সংস্থার কর্মকর্তা আবুল কালাম আজাদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্তের আগে অনিয়ম হয়েছে কিনা তা বলা সম্ভব নয়।
উলিপুর থানার ওসি বজলুর রশিদ বলেন, এখন পর্যন্ত কেউ মামলা না করায় আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
উলিপুরের ইউএনও আব্দুর রফিক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৮ ঘ.
bdnews24