ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, খন্দকার মাহবুবউদ্দিন আহম্মেদ, এম শামসুল ইসলাম ও মাহবুবুর রহমান উপস্থিত রয়েছেন।
আগামী ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে।
স্থায়ী কমিটির সভায় কাউন্সিলের প্রস্তুতি এবং তৃণমূল পর্যায়ের কমিটির গঠনের অগ্রগতির বিষয়ে আলোচনা হতে পারে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সঙ্গতি রাখতে গঠনতন্ত্র সংশোধনের বিষয়ও এতে স্থান পেতে পারে।
কাউন্সিলের আগে জেলা কমিটি গঠন নিয়ে বিভিন্ন স্থানে বিএনপিতে কোন্দল চলছে। তার সমাধানে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গত সপ্তাহে কয়েকটি জেলার নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২১৫৩ ঘ.
bdnews24