লালমনিরহাট, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় বিএনপি জোট সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে দুই মাসের জন্য অন্তবর্তীকালীন জামিন দিয়েছে আদালত।
লালমানিরহাট জেলা ও দায়রা জজ মাহাতাব উদ্দিন রোববার এ আদেশ দেয়।
আগামী বছরের ১৯ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়। ওইদিন পর্যন্ত তিনি জামিনে থাকবেন।
সাবেক উপমন্ত্রীর আদালতে হাজির হওয়া নিয়ে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত আদালত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন ছিল।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুলুকে নোটিশ দেয়। তিনি ২০০৮ সালের ৬ মার্চ তার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী কমিশনে দাখিল করেন। সম্পদের সঙ্গে হিসাব বিবরণীর গড়মিলের অভিযোগে কমিশন ওই বছরের ৬ এপ্রিল তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করে।
চলতি বছরের ১৯ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
দুদক'র আইনজীবী মশিউর রহমান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নির্দেশনা থাকায় নিু আদালত আসাদুল হাবিবকে জামিন দিয়েছে।
আসামিপক্ষে জামিন শুনানি করেন গোলাম রব্বানীসহ লালমনিরহাটের বেশ কয়েকজন আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩০ ঘ.
bdnews24