গাজীপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি ছিনতাইকারী ও খুনি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশ।
ছিনতাইয়ে ব্যবহৃত একটি ট্যাক্সিক্যাবও জব্দ করা হয়েছে।
শনিবার রাজধানীর মিরপুরের পল্লবী, সাড়ে ১১ নম্বর, তেজগাঁও ও জিয়া বিমানবন্দর এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- ইউনুস মুন্সি (৪৫), আব্দুর রহিম (২৬), ইসমাইল হোসেন (৩২), আলাউদ্দীন ( ৩৯) ও মাহবুব (২৪) ।
জিজ্ঞাসাবাদের জন্য ১০দিন পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল।
ওসি জানান, এই চক্রের সদস্যরা রাতে বিপদগ্রস্ত যাত্রীদের কম ভাড়ায় পরিবহনের কথা বলে ট্যাক্সিক্যাবে তুলে নেয়। পরে তাদের টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে এবং গামছা পেঁচিয়ে খুন করে ফেলে দেয়।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নরসিংদীর পাঁচদোনা এলাকা থেকে কালীগঞ্জের তুমুলিয়া পর্যন্ত ৫০ টাকা ভাড়ায় জহিরুল ইসলাম মেহেদী (২৮) নামের এক ব্যক্তিকে ট্যাক্সিক্যাবে ওঠায় চক্রটি।
পরে তারা মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নিয়ে মেহেদীকে হত্যা করে তুমুলিয়ার কামারপাড়া এলাকায় ফেলে দেয়।
মেহেদী তুমুলিয়া এলাকার শাজাহান মোল্লার ছেলে।
ওসি জানান, মেহেদীর ফোন নম্বরের সূত্র ধরে শনিবার পুলিশ ঢাকার মিরপুরের পল্লবী থেকে ইউনুসকে গ্রেপ্তার করে। পরে তেজগাঁও থেকে রহিম, জিয়া বিমানবন্দর থেকে ইসমাইল এবং মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে মাহববু ও আলাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। ইসমাইলের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ট্যাক্সিক্যাব (ঢাকা মেট্রো-প-১১-১৬৩৩) উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24