২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর পর চট্টগ্রাম মহানগর বিএনপি'র সম্মেলন সোমবার

দীর্ঘ ২০ বছর পর চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ২০ বছর পর চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার। সকাল ১০ টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম. মোরশেদ খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আ স ম হান্নান শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান ও গয়েশ্বর চন্দ্র রায়। এই সম্মেলনকে ঘিরে দলের মধ্যে নানা গ্র"পিং ও কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের পার্শ্ববর্তী লেডিস ক্লাবে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান সমর্থিত একটি গ্র"প পাল্টা সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। তারা মহানগর বিএনপি'র আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরীর ডাকা মূলধারার সম্মেলনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মহানগর বিএনপি'র নতুন কমিটি গঠনের কথাও জানিয়েছেন। এর আগেও থানা এবং ওয়ার্ড পর্যায়ে পাল্টাপাল্টি কমিটি গঠনের ঘোষণা আসে। এ পরিস্থিতিতে সহিংসতার আশংকা করা হচ্ছে। সম্মেলনকে সামনে রেখে রোববার বিকালে নগরীতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে র‌্যালিটি নগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেল স্টেশনের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র‌্যালিতে নগরীর ১১ টি সাংগঠনিক থানা ও ৪১ টি ওয়ার্ডের বিএনপি ও এর সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীরা অংশ নেন। র‌্যালি শেষে সভাপতির বক্তব্যে আমীর খসরু মাহমুদ দীর্ঘদিন পর মহানগর বিএনপি'র কাউন্সিল সফল করার জন্য দলের সব নেতা-কর্মীর প্রতি অনুরোধ জানান। এসময় দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওয়াহিদুল আলম, দস্তগীর চৌধুরী, শামসুল আলম, আবু সুফিয়ান, ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে পাল্টা সম্মেলন অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের পাশে লেডিস ক্লাব বুকিং দেওয়া প্রসঙ্গে মহানগর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও কোতোয়ালী থানা কমিটির একপক্ষের সভাপতি এম এ সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে প্রথমে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে যাবো। সেখানে কোনো বাধা বিপত্তি আসলে আমরা লেডিস ক্লাবে গিয়ে পাল্টা সম্মেলন করবো।" ১৯৮৮ সালে সর্বশেষ মহানগর বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আবদুল্লাহ আল নোমান সভাপতি এবং বর্তমান এলডিপি নেতা একরামুল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৭ সালে মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে সভাপতি ও দস্তগীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে মহানগর কমিটি ঘোষণা করা হয়। ২০০৫ সালের মে মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মীর নাছিরের ভরাডুবি হলে কেন্দ্র থেকে মহানগর কমিটি বাতিল করে দেওয়া হয়। পরে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমকে আহবায়ক, আবদুল্লাহ আল নোমান, এম মোরশেদ খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীকে সদস্য করে কমিটি গঠন করা হয়। সর্বশেষ সারাদেশের মতো গত জুন মাসে মহানগর বিএনপি কমিটি পুনর্গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এইচএ/১৯৫৫ ঘ.