সিরাজগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের মামলায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম নীলা কর্মকার জামিন আবেদন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরা হলেন- চেম্বারের সাবেক সভাপতি মো. আনিসুর রহমান ও সহসভাপতি আব্দুল কাদের।
গত ৬ জুলাই চেম্বারের পরিচালক মোশারফ হোসেন তাদের বিরুদ্ধে আদালতে মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, স্থানীয় একটি ব্যাংকের চেম্বারের হিসাব থেকে অন্য কর্মকর্তাদের না জানিয়ে তারা প্রায় ৫২ হাজার টাকা তুলে আত্মসাত করেন।
আদালত চেম্বার সভাপতি আব্দুর রউফকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়।
তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় গত ৯ সেপ্টেম্বর সাবেক দুই নেতাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। হাজির না হওয়ায় আদালতে ৮ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৫৮ ঘ.
bdnews24