ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুদলের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।
রোববার সকালে সুলতানপুর ইউনিয়নের সেন্দা ও শিলাউর গ্রামের দুটি দলের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।
নিহত ধন মিয়া (৫৫) সেন্দা গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান।
তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার দুদলের মধ্যে এক দফা সংঘর্ষ হয়েছিল। তার ধারাবাহিকতায় রোববার সকাল ৮টায় আবারো দু'দলের সংঘর্ষ হয়।
এসআই মাহবুব বলেন, সংঘর্ষে ধন মিয়া প্রতিপক্ষের টেটার আঘাতে ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুদলকে ছত্রভঙ্গ করতে ১৫ রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪১ ঘ.
bdnews24