ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির একটি মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শহিদুল্লাহ খানকে রোববার কারাগারে পাঠিয়েছে আদালত।
এ মামলায় তিনি ১৩ বছর সাজাপ্রাপ্ত।
শহিদুল্লাহ উচ্চ আদালতের নির্দেশে রোববার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোজাম্মেল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ২৪ অক্টোবর শহিদুল্লার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলাটি করে।
মামলায় অভিযোগ করা হয়, শহিদুল্লাহ অর্জিত ৭৫ লাখ টাকার সম্পদ তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া তিনি ৩১ লাখ ২৮ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে শহিদুল্লাহ ৫২ লাখ ৩০ হাজার টাকার মিথ্যা ও ভিত্তিহীন দান ও ঋণ দেখিয়েছেন বলেও মামলায় অভিযোগ করা হয়।
শহিদুল্লাহর অনুপস্থিতিতেই গত বছরের ২৯ জুন বিচারিক আদালত তাকে ১৩ বছরের সাজা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24