২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাহীদের বিচারিক ক্ষমতা নিয়ে আদালতের প্রশ্ন

ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়াকে কেন বেআইনি ও সংবিধান পরিপন্থি ঘোষণা করা হবে না সরকারকে তার কারণ জানাতে বলেছে উচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 10:20 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়াকে কেন বেআইনি ও সংবিধান পরিপন্থি ঘোষণা করা হবে না সরকারকে তার কারণ জানাতে বলেছে উচ্চ আদালত। রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর পক্ষে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা একটি জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিব, আইন সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে আগামী তিন সপ্তাহের মধ্যে আদেশের জবাব দিতে বলা হয়েছে। তিন আইনজীবী হলেন- আসাদুজ্জামান সিদ্দিকী, সারওয়ার আহমেদ চৌধুরী ও একলাছ উদ্দিন ভূঁইয়া। শুনানিতে রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, আপিল বিভাগের রায় অনুসারে বিচার বিভাগ প্রশাসন থেকে পৃথক হয়েছে। এরপরও ফৌজদারি আইন সংশোধন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচারিক ক্ষমতা দেওয়া বেআইনি ও সংবিধান পরিপন্থি। তিনি বলেন, গত ৮ এপ্রিল ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিভিন্ন বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। এই সংশোধনী বাতিল করতে গত ১৩ নভেম্বর অ্যাডভোকেট মনজিল মোরসেদ ওই চার সচিবকে লিগ্যাল নোটিশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৪১৭ঘ.