ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই স্ট্রোক বিশিষ্ট অটো রিকশা ও টেম্পু চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাস মালিক-শ্রমিকরা।
জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদেও ডাকা এ ধর্মঘটের কারণে সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটটি রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই স্ট্রোক বিশিষ্ট অটো রিকশা ও টেম্পু চলাচল ব্রাহ্মণবাড়িয়ায়ও নিষিদ্ধ করতে হবে।"
ধর্মঘট আহ্বানকারীদের অন্য দাবির মধ্যে রয়েছে- অন্য জেলা থেকে আসা সব ধরনের সিএনজি অটো রিকশা ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলাচল বন্ধ করা, মহাসড়কে টেম্পু চলাচল বন্ধ করা, মেড্ডা লোকাল বাস স্ট্যান্ড এবং কার্যালয় 'দখলকারীদের' কাছ থেকে উদ্ধার করা, মেড্ডা বাস স্ট্যান্ড থেকে ঘাটুরা পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ইত্যাদি।
আলমগীর বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৩০ ঘ.
bdnews24