ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রোববার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নিহত হয়েছে।
নিহত মামুন অর রশিদ ওরফে মামুন (৩৮) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা বলে দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানিয়েছেন।
এদিকে ঝিনাইদহ সদর উপজেলায় শনিবার রাতে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন আরেক চরমপন্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি জানান, দৌলতপুরের খলিশাকুণ্ডি ইউনিয়নের পাঁচ পীরতলা গ্রামে ভোর ৪টার দিকে মামুন নিহত হন।
গত তিন মাসে কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে চরমপন্থী-সন্ত্রাসীদের 'বন্দুকযুদ্ধে' এ পর্যন্ত ২৮ জন নিহত হয়েছে। সর্বশেষ গত ৬ নভেম্বর মিরপুর উপজেলায় মজিবর রহমান বাবু নামে এক চরমপন্থী নিহত হয়েছিলেন।
দৌলতপুর থানার ওসি হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাঁচ পীরতলা গ্রামের আম বাগানে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।"
দুই পক্ষের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মামুন নিহত হলে তার সহযোগীরা পালিয়ে যায় বলে ওসি দাবি করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি রাম দা পাওয়া গেছে।
মামুন মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় দুইটি হত্যাসহ অর্ধ ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, সদর উপজেলার সাগান্না গ্রামে রাত ১টার দিকে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিনুল ইসলাম মানিক নিহত হন। তিনি বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য বলে পুলিশ দাবি করেছে।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাতলামারি বৈডাঙ্গা সড়কের পাশে চরমপন্থিদের বৈঠকের খবর পেয়ে র্যাব ও পুলিশের একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি করে।"
পরে গুলিবিদ্ধ মানিককে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তার কাছে একটি পাইপগান, একটি বন্দুক ও ২ রাউন্ড গুলি পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, মানিকের বাড়ি সদর উজেলার বকশীপুর গ্রামে। তার বিরুদ্ধে দুটি হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১২০ ঘ.
bdnews24