২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অর্থনৈতিক কাজ ঠিক চললে আইন-শৃঙ্খলাও ভাল থাকবে'

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড যথাযথভাবে পরিচালিত হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ভাল থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 03:46 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

গাজীপুর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড যথাযথভাবে পরিচালিত হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ভাল থাকবে। শনিবার টঙ্গীর বাটা গেট এলাকায় সন্ধানী লাইফ ইন্সুরেন্সের বীমার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। অর্থনৈতিক কর্মকাণ্ডে ভরপুর একটি দেশ যেখানে ৩০ কোটি হাত কর্মীর হাতিয়ারে পরিণত হয়েছে।" মন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে শ্রমজীবী মানুষের নানা ধরণের ঝুঁকির পরিমাণও বেড়ে যায়। শিল্প কলকারখানা, যানবাহন ও নানা কারণে দুর্ঘটনায় পতিত হয়ে মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়ে। বিপদগ্রস্ত মানুষের সহায়তায় জীবনবীমা একটি পূর্বশর্ত বলে তিনি মত দেন। সন্ধানী লাইফ ইন্সুরেন্সের টঙ্গী শাখার নির্বাহী পরিচালক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে ওই সভায় আরো বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক সাংসদ মকবুল হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক আহসান ইসলাম টিটু। এ সময় সাংসদ আ.ক.ম মোজাম্মেল হক ও জাহিদ আহসান রাসেল, টঙ্গী পৌর মেয়র আজমত উল্লাহ খানসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কয়েকজনকে বীমার চেক হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২১৪২ঘ.