নওগাঁ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে একই সময়ে বিএনপির বিবদমান দুই অংশ সমাবেশ ডাকায় নওগাঁর পত্নীতলা উপজেলার পুরাতন মাদ্রাসা মাঠ ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শনিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক বলেন, সহিংসতা এড়ানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
তিনি বলেন, শনিবার বেলা ১১টায় ওই মাঠে উপজেলা বিএনপি ও নজিপুর পৌর বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন করার জন্য প্রশাসনের অনুমতি নেয়। এদিকে ওই মাঠে একই সময়ে বিক্ষোভ-সমাবেশ করার জন্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম সরকারসহ পাঁচজন প্রশাসনের অনুমতির আবেদন করেন। এ ছাড়া তারা শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ-সমাবেশের পক্ষে একটি মিছিল করলে উত্তেজনা দেখা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩১৫ ঘ.
bdnews24