ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ক্যামব্রিজ জিসিই 'ও' এবং 'এ' লেভেল পরীক্ষায় ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল (ওআইএস) এর তিন শিক্ষার্থী বিশ্বের ১৫৭টি দেশের ছাত্র-ছার্ত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে।
এই তিন শিক্ষার্থী হচ্ছে- অনিক ইসলাম বাঁধন, মিনহাজুল ইসলাম ও সিদরাতুল মুনতাহা।
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জি এম নিজাম উদ্দিন শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''এ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে আমাদের স্কুলের তিন জন ছাত্র এই কৃতিত্ব অর্জন করেছে। এ অর্জন কেবল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের জন্যই সম্মান বয়ে আনেনি, এটি বাংলাদেশর জন্যও বিশাল অর্জন।"
ইউনির্ভাসিটি অব ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় (সিআইই) অক্সফোর্ড স্কুলের ছাত্র অনিক 'ও' লেভেল পরীক্ষায় হিউম্যান অ্যান্ড সোসাল বায়োলজি বিষয়ে এবং সিদরাতুল মুনতাহা ও অনিক এডিশনাল ম্যাথমেটিকস বিষয়ে বিশ্বের সর্বোচ্চ নম্বর অর্জন করেছে। অপরদিকে 'এ' লেভেলে (সাবসিডিয়ারী) ম্যাথমেটিকস্ বিষয়ে মিনহাজুল ইসলাম সারা বিশ্বে সর্বোচ্চ নম্বর অর্জন করেছে বলে স্কুলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, অক্টোবর-নভেম্বর-২০০৮ এবং মে-জুন-২০০৯ এর কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীরা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র-ছাত্রী হিসেবে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনস্ এর স্বীকৃতি পেয়েছে। তাদের অনন্য সাধারণ কৃতিত্বের জন্য এবার ৭৫ জন ছাত্র-ছাত্রী ক্যামব্রিজ আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড এবং ৬ জন ছাত্র-ছাত্রী সর্বোচ্চ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেয়েছে।
মিনহাজুল ইসলাম এএস' লেভেলে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনস্ এর বাংলাদেশের মেধা তালিকায় প্রথম স্থান, সাজিয়া মেরাজ এবং নাবিল তারেক হোসাইন 'এ' লেভেলে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। অনিক ইসলাম বাঁধন 'ও' লেভেলে বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করে।
সর্বমোট ১৫ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন বিষয়ে বাংলাদেশে সর্বোচ্চ নম্বর অর্জন করে ১৯টি 'টপ ইন বাংলাদেশ' অ্যাওয়ার্ড লাভ করেছে। 'ও' লেভেলে এক সিটিং-এ তাজরিন হায়দার রাফি সর্বোচ্চ ১০টি এবং অনিক ইসলাম বাঁধন ৯টি বিষয়ে 'এ' গ্রেড পাওয়ার কৃতিত্ব অর্জন করে। জাহান-ই-আলম এবং জ্যোতির্ময় হোর এএস' লেভেলে সর্বোচ্চ ৫টি বিষয়ে 'এ' গ্রেড অর্জন করে।
ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনস্ বিশেষ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবে বলেও অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৩৫ ঘ.
bdnews24