গাজীপুর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় বিএনপি নেতা ফজলুল হক মিলনসহ কয়েকজন নেতার গাড়িতে হামলা হয়েছে।
শুক্রবার দুপুরে এই হামলায় তিনটি মাইক্রেবাস ও ১০/১২টি মোটরসাইকেল ভাংচুর এবং একটি মোটরসাইকেল নিয়ে গেছে। এতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
বিএনপি নেতারা এই হামলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক যুবলীগ ও ছাত্রলীগকে দায়ী করেছেন।
তবে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা অভিযোগ অস্বীকার করেছেন।
বিকাল ৫টায় গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সাবেক ফজলুল হক মিলন বলেন, উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপি'র সম্মেলন শেষে তারা জাঙ্গালীয়া যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে সিংলাব মোড়ে পৌঁছালে ৩০/৪০জন যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মী তাদের গাড়িবহরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বিভলবার থেকে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
তিনি জানান, আহত কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, কালীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ ১০/১২ জন নেতা-কর্মীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মিলন।
সংবাদ বিফিংয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান উদ্দিন সরকার, কাজী সাইয়েদুল আলম বাবুল, সদস্য শহীদুজ্জামান, আহম্মদ আলী রুশদী, মাজহারুল আলম, শাখাওয়াত হোসেন সবুজ, এসকে জবিউল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে জেলা কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি'র মিছিলের পর ছাত্রলীগ ও যুবলীগও সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার প্রতিবাদে একটি মিছিল করে।
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে।
একই কথা বলেন উপজেলা যুবলীগ সভাপতি শরীফুল ইসলাম তোরণ।
কালিগঞ্জ থানার ওসি'র দায়িত্বে নিয়োজিত উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24