গোপালগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘরে বসেই মা-বোনেরা পরিবার পরিকল্পনাসহ অন্যান্য স্বাস্থ্যসেবা পাবেন। এতে মা ও শিশু মৃত্যুর হার কমে যাবে।
তিনি বলেন, "কমিউনিটি ক্লিনিক চালু করে আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেব।"
শুক্রবার বিকালে নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি চক্ষুশিবিরে সেবা গ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্সে বেগম ফজিলাতুন্নেছা মুজিব আই কেয়ার প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এই চক্ষু শিবির হচ্ছে।
প্রধানমন্ত্রী ঢাকায় তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
তিনি বলেন, "জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমাদের যে অঙ্গীকার আছে তা পূরণে সরকার প্রয়োজনীয় অর্থ ও সম্পদ বরাদ্দ দেবে।"
প্রধানমন্ত্রী বলেন, দেশের অবহেলিত এলাকার মানুষের কল্যাণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
ভিডিও কনফারেন্সে কোটালীপাড়া থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন আহমদ প্রমুখ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এইচএ/২১৪৩ ঘ.
bdnews24