কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ভারতীয় কন্টেইনার পরিবহনের অনুমতি চেয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের মহাপরিচালক মো. বেলায়েত হোসেন অবশ্য প্রস্তাবটি অনুমোদনের আগে নেপালে পণ্য পরিবহনের জন্য ভারতের কাছ থেকে রেল ট্রানজিট সুবিধা পাওয়ার বিষয়টি সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন।
সীমান্তবর্তী তিনটি স্টেশন বেনাপোল, দর্শনা এবং রোহনপুর থেকে কন্টেইনারবাহী ট্রেন সেতু হয়ে সরাসরি ঢাকায় পৌঁছনোর অনুমতি দিতে ভারত বারবার দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে রেলওয়ের এ আবেদন করা হলো।
রেল কর্মকর্তারা বলছেন, সরকার কন্টেইনার সরাসরি কমলাপুর স্টেশনে আসার অনুমতি দিলে ভারতীয় পণ্যের দাম কমবে।
গত ১০ নভেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে রেলের মহাপরিচালক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের রেলওয়ে বিষয়ক পরিদর্শক এবং সামগ্রিকভাবে সরকারের অনুমতি ছাড়া আমরা কন্টেইনারগুলো পরিবহন করতে পারি না।"
রেলওয়ে পরিদর্শক আবু তাহের বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন পর্যন্ত তিনি চিঠিটি হাতে পাননি।
তবে প্রস্তাবটি দেখে যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে মতামত দেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, "জনগণের স্বার্থবিরোধী কোনোকিছু আমরা গ্রহণ করবো না।"
রেল মহাপরিচালক বলেন, সেতু দিয়ে চার ধরনের কন্টেইনার পরিবহনের জন্য ভারত প্রস্তাব দিয়েছে। কিন্তু রেলওয়ের বিশ্লেষনে দেখা গেছে, এর মধ্যে হালকা দুটি শ্রেণীর কন্টেইনার সেতুর রেলপথের ভার বহনসীমা অতিক্রম করবে না।
এ সেতুর রেলপথ প্রতি মিটারে ৪ দশমিক ৬ টন ভার বহন করতে পারে। কিন্তু ভারত প্রস্তাবিত চারটির মধ্যে দুটি মডেলের কন্টেইনার প্রতি মিটারে ৫ দশমিক ৭১ টন করে ভার তৈরি করে।
"এ কারণে আমরা ওই দুই ধরনের কন্টেইনার সেতুর ওপর দিয়ে পরিবহনের বিষয়টি নাকচ করেছি", বলেন বেলায়েত।
সরকার প্রস্তাবটি অনুমোদনের পর বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন পণ্যবাহী ভারতীয় কন্টেইনার বহন করে সরাসরি ঢাকার কমলাপুরে রেলওয়ের ডিপোতে নিয়ে যাবে।
মন্ত্রণালয়ে পাঠানো রেলওয়ে মহাপরিচালকের চিঠিতে বলা হয়েছে, ২০০৭ সালের ৬-৮ মার্চ ঢাকায় অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে (আইজিআরএম) ভারত সেতু দিয়ে তাদের কন্টেইনার পরিবহনের প্রস্তাব দেয়। একই বছরের ৮-১০ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত আইজিআরএম'র বৈঠকে ভারত বিষয়টি আবার তোলে।
চিঠিতে আরও বলা হয়, নেপালে রেলপথে পণ্য পরিবহনে ট্রানজিট সুবিধা দেওয়ার জন্য দুটি বৈঠকেই ভারতের রেলওয়েকে অনুরোধ জানায় বাংলাদেশ। কিন্তু বিষয়টি এখনো অমীমাংসিত।
রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে গড়ে প্রতিদিন একটি করে মালবাহী ট্রেন ভারত থেকে বাংলাদেশে ঢোকে।
বিরল-রাধিকাপুর, রোহনপুর-সিংগাবাদ এবং চিলাহাটি-হলদিবাড়ী ট্রানজিট পয়েন্ট দিয়ে বাংলাদেশ রেলওয়ে ভারত-নেপাল সীমান্তবর্তী স্টেশন রাখসাল ও জগবাণী পর্যন্ত পণ্য পরিবহন করতে পারে।
এর মধ্যে চিলাহাটী-হলদিবাড়ী ট্রানজিট পয়েন্টটি বাংলাদেশ থেকে নেপাল সীমান্তের সবচেয়ে কাছের। আর এ পয়েন্ট থেকে জগবাণী স্টেশনের দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার।
বাংলাদেশ রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক মোহাম্মদ শাহজাহান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের প্রস্তাবটি বাস্তবায়ন করতে হলে সরকারের কিছু অবকাঠামো প্রয়োজন।
তিনি বলেন, "নিরাপত্তাগত কারণে কন্টেইনারের ভেতরের মালামাল পরীক্ষার জন্য আমাদের স্ক্যানার স্থাপন করতে হবে। এছাড়া কন্টেইনারের ওজন পরিমাপ করতে সেতুর দুই প্রান্তেই ওজনযন্ত্র প্রয়োজন।"
সরকারি অনুমোদনের পর উভয় দেশের মধ্যে চুক্তি সাক্ষরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শাহজাহান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এমআই/১৪০০ ঘ.
bdnews24