২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৩ 'লস্কর জঙ্গি' গ্রেপ্তার

ভারত ও যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে কাশ্মীরভিত্তিক লস্কর ই তৈয়বার তিন 'সদস্য'কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 05:52 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত ও যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে কাশ্মীরভিত্তিক লস্কর ই তৈয়বার তিন 'সদস্য'কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে ঢাকার উত্তরা ও গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ কমিশনার মনিরুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন - আবদুল করিম আজহারী সুফিয়ান, আশরাফ জাহিদ ও মনোয়ার আলী। সুফিয়ানকে উত্তরা এবং অপর দুজনকে টঙ্গি থেকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে ধৃত তিন জঙ্গির দেওয়া তথ্যে এ তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা মনিরুল জানান। তাদের তিনজনের কাছে পাকিস্তানি পাসপোর্ট পাওয়া গেছে বলে পুলিশ জানায়। পুলিশের দাবি, সুফিয়ান লস্কর ই তৈয়বার সদস্য সংগ্রহের কাজ করতেন। গাজীপুরে ইসলামী ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা সম্প্রতি শেষ করেন তিনি। মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ তিনজন ভারত ও যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসে হামলার পরিকল্পনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।" গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সময় চেয়ে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানায়। যুক্তরাষ্ট্র দূতাবাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার পরিকল্পনাকারী সন্দেহে গত সপ্তাহে ইসলামী ঐক্যজোট নেতা মুফতি ইজহারের ছেলে হারুন ইজহারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এমআই/১১৪৫ ঘ.