চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়ায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে সাতজন নিহত হয়েছে।
শুক্রবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের শাহচান আউলিয়া মাজার গেটের সামনে ওই দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের পটিয়া ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন।
মাইক্রোবাসটি লোহাগাড়া উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে পটিয়ার গৈরলা গ্রামে যাচ্ছিলো। দুর্ঘটনায় আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী।
পুলিশ কর্মকর্তা মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৪টার সময় চট্টগ্রামমুখী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে চারজন ঘটনাস্থলেই মারা যায়।"
দুর্ঘটনাস্থলে নিহতরা হলেন- তেজেন্দ্র ধর (৭০), বাবুল ধর (৫০), বিধু ধর (৪৫) ও শহীদুল (২০)।
দুর্ঘটনায় আহত মৃদুল ধর নামে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে পটিয়া থানার ওসি মহিউদ্দিন সেলিম জানিয়েছেন।
আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) আনা হয়। এর মধ্যে দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে চমেক পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত পুলিশ সদস্য (নায়েক) আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
হাসপাতালে মারা যান পরীক্ষিত ধর (৬০) ও যদু ধর (৪০)।
মাইক্রোবাসচালক চালক দিদারুল আলম (২৫), সঞ্জয় ধর (৩০), কাজল সেন (৪০), চন্দন ধর (৩৪), বাবু দাস (২২), বাপ্পী দাস (২৫), পুতুল দাস (১৫) ও অসীম ধর (৩০) হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২০০ ঘ.
bdnews24