২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ পৌর মেয়র বরখাস্ত

দুর্নীতির অভিযোগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইলকে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 05:18 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

কক্সবাজার, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির অভিযোগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইলকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি আদেশ বৃহস্পতিবার পেয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পৌরসভায় প্যানেল মেয়র নজির আহমদ কালু। পৌরসভার তহবিল পরিচালনার জন্য প্যানেল মেয়র-২ হাসান আহমদকে ক্ষমতা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন সহকারী সচিব খলিলুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ ইসমাইল দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন। দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির অভিযোগে ১০ জন কাউন্সিলর তার প্রতি অনাস্থা প্রস্তাব আনেন। তদন্তে ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩৮ (১২) ধারা অনুযায়ী তাকে বরখাস্ত করা হল। টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-৩ নজির আহমদ কালু ও পৌর কাউন্সিলর নুরুল বশর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসমাইল তার দায়িত্বকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারদের সঙ্গে যোগসাজসে কয়েক কোটি টাকা আত্মসাত করেছেন।" তবে মোহাম্মদ ইসমাইল বলেন, "আমার বিরুদ্ধে কোন অভিযোগই প্রমাণিত হয়নি এবং তদন্তও করা হয়নি। এছাড়া পৌর কাউন্সিলররা অনাস্থা প্রস্তাবের জন্য যে সভা ডেকেছেন তাতেও আমাকে ডাকা হয়নি।" বরখাস্ত আদেশের চিঠি হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান ইসমাইল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২৩১৪ ঘ.