২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে মিছিলে সরকার সমর্থকদের হামলা

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকরা বৃহস্পতিবার দিনাজপুরের নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রীদের মৌন মিছিলে হামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 04:49 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

দিনাজপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকরা বৃহস্পতিবার দিনাজপুরের নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রীদের মৌন মিছিলে হামলা করেছে। এ সময় তারা কলেজ অধ্যক্ষসহ তিন শিক্ষককে লাঞ্ছিত করেন। কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ পরিচালনা কমিটিতে উপজেলা আওয়ামী লীগ নেতা আতাউর রহমানকে সভাপতি নিয়োগের বিরুদ্ধে দুপুর ৩টায় শিক্ষক কর্মচারীসহ ছাত্রীরা মৌন মিছিল করে উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিকের কাছে স্মারকলিপি দিতে যাচ্ছিল। এ সময় উপজেলা পরিষদের ফটকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা করে। বাধা দিতে গিয়ে সহকারী অধ্যাপক হাবিবর রহমান, শাফিকুল ইসলাম ও তিনি লাঞ্ছিত হন। এ সময় সরকার সমর্থকরা তিন রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে বলেও দাবি করেন অধ্যক্ষ। তিনি জানান, স্মারকলিপি দিয়ে ফিরে আসার সময় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে হামলাকারীরা লাঠিসোটা নিয়ে আবারও হামলার করতে আসে। তবে পুলিশ হস্তক্ষেপে তারা পিছু হটে। নবাবগঞ্জ থানার ওসি খালিদ হাসান মিছিলে বাধা ও হামলার ঘটনা স্বীকার করেন। তবে তিনি বলেন, গুলি ছোড়ার বিষয়টি ঠিক নয়। ওসি জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। অধ্যক্ষ আব্দুল হাকিম জানান, এ হামলার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করা হবে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ও ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নূর শামীম ছিলেন। তবে তারা হামলার সঙ্গে জড়িত নন। তিনি দাবি করেন, অধ্যক্ষকে মিছিল করে স্মারকলিপি না দিতে অনুরোধ করছিলেন স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের ওই নেতারা। এ সময় উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থলে আসেন। স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যাযে উপজেলা চেয়ারম্যান তার পিস্তল দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেন। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিক গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ মিছিলে এ ধরনের হামলা কোনোভাবেই সমর্থন করা যায় না। ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৯ ঘ.