২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে খাবার আর না

প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ছাড়া সরকার আর কাউকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ছাড়া সরকার আর কাউকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করবে না। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক বৈঠক শেষে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, নতুন ভিজিএফ কর্মসূচিতে এর আওতাধীন ৭০ থেকে ৭৫ শতাংশ মানুষকে নাম মাত্র মূল্য (কেজিপ্রতি ৪/৫ টাকা) দিয়ে খাদ্য কিনতে হবে। খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "সরকার চায় না এ সব মানুষ সরকারের মুখাপেক্ষী হয়ে থাক। অন্য খাতের উন্নয়ন বরাদ্দের অর্থ কেটে সরকার এ কর্মসূচিতে ব্যবহার করে। তাই নামমাত্র মূল্য দিয়ে এ জনগোষ্ঠীকে খাদ্য কিনে নিতে হবে।" বিনা মূল্যে সরকার শুধু প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবাদের খাদ্য দেবে জানিয়ে মন্ত্রী বলেন, এদের চিহ্নিত করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। কবে থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তালিকা প্রণয়নের কাজ চলছে। শিগগিরই তালিকা চূড়ান্ত হয়ে যাবে। তাছাড়া বিশেষ ভিজিএফ কর্মসূচি এখন চলছেই। এ কর্মসূচি শেষ হলে পরবর্তীতে আবারো ভিজিএফ কর্মসূচি চালু হবে। সেখানেই নতুন নিয়ম। বিনামূল্যে খাদ্য বিতরণের মাধ্যমে ভিক্ষা বৃত্তিকে উৎসাহিত না করতেই সরকার এ সিদ্ধান্ত নিচ্ছে জানিয়ে রাজ্জাক বলেন, কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি-অনিয়ম ও দলীয়করণের ঘটনা ঘটছে। এ জন্য সরকার কর্মসূচি বন্ধ করে দেবে না। এর আগে আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, খাদ্যসচিব মোখলেছুর রহমান, কৃষিসচিব সিকিউকে মোস্তাক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/২০৪৩ ঘ.