ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান তুরস্ক সফর শেষে বুধবার দেশে ফিরেছেন।
তুরস্কের ইস্তাবুলে ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) 'কমসেক' শীর্ষ সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি।
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যায় ঢাকা বিমানবন্দরে পৌঁছালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডিপ্লোম্যাটিক কোরের ডিন সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট ফ্যাকম্যান হগস্ট্রম, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত সাকির ওজকান তরুনলার, মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, নৌ-বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
'কমসেক' এর ২৫ তম সম্মেলনের 'কমসেক ইকোনমিক সামিট'-এ ভাষণ দেন জিল্লুর রহমান। তুরস্ক এবং জর্ডানের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি।
ছয় দিনের সরকারি সফরে গত ৬ নভেম্বর তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/০১২৮ ঘ.
bdnews24