নাটোর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মৌসুমে দেশে আখ মাড়াই শুরু হয়েছে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বুধবার দুপুরে চিনিকলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
এবার এ চিনিকলে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৬৮০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
মাড়াই মৌসুম উদ্বোধন উপলক্ষে চিনিকল চত্বরে এক আলোচনা সভায় আয়োজন করা হয়।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান রণজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার।
বক্তব্য রাখেন সাংসদ মো. আবু তালহা, নারী সাংসদ শেফালী মমতাজ, মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সিরাজুল হক প্রমুখ।
সিরাজুল হক বলেন, দেশের ১৫টি চিনিকলের মধ্যে সর্বাধিক চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই মিলে। এ জন্য মিল এলাকায় ২৬ হাজার ১০০ একর জমিতে আখ চাষ করা হয়েছে।
তিনি বলেন, গত মৌসুমে মিলটির সম্ভাব্য লোকসানের পরিমাণ সাত কোটি ৫৫ লাখ ৭৯ হাজার টাকা। মিলে এখনো অবিক্রিত চিনি মজুদ রয়েছে ৭৯৭ দশমিক ৪৭ মেট্রিক টন। এর মধ্যে বিক্রয়যোগ্য হচ্ছে ২৮২ দশমিক ৭৫ মেট্রিক টন।
সভাপতির বক্তব্যে রণজিৎ কুমার বিশ্বাস বলেন, এ বছর কর্পোরেশনের পক্ষ থেকে দুটি প্রণোদনা পুরস্কার চালু করা হবে। প্রধানমন্ত্রী পুরস্কারটি দেবেন। পুরস্কার দেওয়া হবে কোনো মিলে সবচেয়ে বেশি আখ সরবরাহকারী একজন এবং সর্বাধিক ঋণ নিয়ে পরিশোধকারী আখচাষী একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24