মানিকগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধুল্লা এলাকায় মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।
এরা হলেন- উপজেলার রাইল্লা গ্রামের রোজিনা বেগম (৩০) ও তার মেয়ে তন্বী (৬)।
সাটুরিয়া থানার ওসি মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে গোলড়া-সাটুরিয়া সড়কের ধুল্লায় সাটুরিয়াগামী একটি ট্রাক মানিকগঞ্জগামী টেম্পোটিকে ধাক্কা দেয়।
এতে টেম্পোযাত্রী শিশু তন্বী ছিটকে রাস্তায় পড়লে মা রোজিনা তাকে তোলার জন্য টেম্পো থেকে নেমে যান। এ সময় ট্রাকটি মা ও মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ওসি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তার ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24