লালমনিরহাট, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট জেলা যুবলীগের এক নেতার দায়ের করা মামলায় সোমবার রাতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- লালমনিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪০), ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেহেদি হাসান জুয়েল (৩২), ৭ নম্বর ওয়ার্ডের সাংগঠিক সম্পাদক শেখ জামাল (২৮), কর্মী জাহেদুল ইসলাম (৩২), যুবদল কর্মী ইব্রাহিম (২৭), আপেল (৩২) এবং ছাত্রদল কর্মী রকিব (২৪)।
মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
জেলা যুবলীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন মামুন তার ছোট ভাই ছাত্রলীগ নেতা এরশাদ হোসেন মুরাদকে মারধরের অভিযোগে লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন।
মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫২ জনসহ অজ্ঞাত পরিচয় আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।
সদর থানার ওসি এএইচএম ফয়জুর রহমান বলেন, গত রোববার (৮ নভেম্বর) বিকালে জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুরাদ লালমনিরহাট আবাসন প্রকল্পে মাছ ধরছিলেন। ওই সময় আসামিরা তাকে মারধর এবং তার কাছে চাঁদা দাবি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মুরাদকে মারধরের অভিযোগে রোববার রাতে আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি ও শ্রমিকদলের কার্যালয় ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৯ ঘ.
bdnews24