লক্ষ্মীপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ভূমি কার্যালয়ের এক কর্মচারী দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন।
নিহত আবু তাহের (৪৪) উপজেলার চরভূতা গ্রামের মুজিবুল হকের ছেলে। তিনি অফিস সহকারী পদে ভুমি কার্যালয়ে কর্মরত ছিলেন।
সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। মঙ্গলবার সকালে স্থানীয় জামে মসজিদের পাশে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
আবু তাহেরের স্ত্রী নাসরিন আক্তার পাুলিশের কাছে অভিযোগ করেছেন, তাদের বাড়ির পাশের কিছু জমি নিয়ে প্রতিবেশী মাহমুদ হোসেনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। জমিটি ছেড়ে দেওয়ার জন্য মাহমুদ ও তার স্ত্রী মনোয়ারা তাদের বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিল।
এ বিরোধের কারণে তাহেরকে হত্যা করা হতে পারে বলে তিনি ধারণা করছেন।
সদর থানার উপপরিদর্শক তাজুল ইসলাম বলেন, তাহেরের নাক ও মুখে রক্ত লেগে ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় তাহেরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে মাহমুদসহ নয়জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।
এর মধ্যে মাহমুদের স্ত্রী মনোয়ারা, সেলিম, আলমগীর, সিরাজ ও জহিরকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে মাহমুদসহ অভিযুক্ত চারজন পলাতক রয়েছেন। বাকিদের নাম জানায়নি পুলিশ।
মঙ্গলবার সকালে পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার ভূমি হেলাল উদ্দিন, সদর থানার ওসি মাইন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৯ ঘ.
bdnews24