ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারিক আদালত জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে পাঠালেও হাইকোর্ট বলেছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কারা ফটকে।
২১ আগস্ট মামলার আসামি আরিফের আবেদনে বিচারপতি এএফএম আব্দুর রহমান ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দেয়।
আরিফের পক্ষে শুনানিতে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, "আরিফুল ইসলাম অসুস্থ। রিমান্ডে নিলে তার অবস্থার অবনতি হতে পারে।"
ঢাকার হাকিম আদালত সোমবার আরিফকে পাঁচ দিন পুলিশি হেফাজতের আদেশ দেন।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত।
বর্তমানে ওই মামলার অধিকতর তদন্ত চলছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এর তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা লুৎফুজ্জামান বাবরকেও পুলিশ এ মামলায় জিজ্ঞাসাবাদ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24