২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ, ভুটান স্থল সংযোগ স্থাপনে রাজি

বাংলাদেশ এবং ভুটান বাণিজ্য ও জনযোগাযোগ বাড়ানোর লক্ষ্যে সার্কের কাঠামোর আওতায় দু'দেশের মধ্যে 'স্থল সংযোগের সম্ভাব্যতা খতিয়ে দেখতে' সম্মত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এবং ভুটান বাণিজ্য ও জনযোগাযোগ বাড়ানোর লক্ষ্যে সার্কের কাঠামোর আওতায় দু'দেশের মধ্যে 'স্থল সংযোগের সম্ভাব্যতা খতিয়ে দেখতে' সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের ভুটান সফরের শেষ দিন সোমবার দুই দেশ এই সমঝোতায় উপনীত হয়। শেখ হাসিনার ভুটান সফর সম্পর্কে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, প্রধানমন্ত্রী দু'দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ভুটান থেকে আমদানিকৃত ১৮ টি পণ্যের উপর আরোপিত শুল্ক বর্তমানের ১৫ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন। ভুটানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ১০ লাখ মার্কিন ডলারের কম। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে শীতবস্ত্র, কম্পিউটার সরঞ্জাম, শুকনো খাবার, ফার্মাসিউটিক্যালস, প্রসাধন ও টেক্সটাইল সামগ্রী। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ভুটানের রপ্তানির পরিমাণ প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার। দেশটির প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে- খণিজ পণ্য, খাবার, ফল, পানীয় ও যব। এছাড়া ঢাকা ও থিম্পু সার্কের সনদের আওতায় জ্বালানি খাতে 'সহযোগিতার সম্ভাব্যতা খতিয়ে দেখার' ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে। ওই যৌথ বিবৃতিতে বলা হয়, " উভয়পক্ষ দু'দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের জন্য জনযোগাযোগ বাড়ানোর প্রাসঙ্গিকতার উপর গুরুত্ব আরোপ করেছে। "তারা আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও ভ্রমণ বাড়াতে সার্কের ট্রান্সপোর্ট কানেক্টিভিটির আওতায় ভুটান ও বাংলাদেশের মধ্যে স্থল সংযোগের সম্ভাব্যতা খতিয়ে দেখতে সম্মত হয়েছে।" দিল্লিতে অনুষ্ঠিত চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে আঞ্চলিক যোগাযোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করতে সার্ক বেশ কয়েকটি রুট প্রস্তাব করে। এ সংক্রান্ত পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবিত গুরুত্বপূর্ণ রুটগুলো হলো, লাহোর-দিল্লি-কলকাতা-পেট্রাপোল-বেনাপোল-ঢাকা-আখাউড়া-আগরতলা (২৪৫৩ কি.মি.), কাঠমান্ডু-নেপালগঞ্জ-দিল্লি-লাহোর-করাচি (২৬৪৩ কি.মি.), কাঠমান্ডু-বীরগঞ্জ-কলকাতা-হলদিয়া (১৩২৩ কি.মি.) এবং থিম্পু-ফুন্টসলিং-জয়গাঁও-কলকাতা-হলদিয়া (১০৩৯ কি.মি.)। যৌথ বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর পদক্ষেপ হিসেবে ভুটান বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভুটান থেকে আমদানিকৃত ১৮টি পণ্যের উপর শুল্ক বর্তমানের ১৫ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনার ঘোষণা দেন। বাংলাদেশ ও ভুটান শনিবার একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তি ভবিষ্যতে অন্যান্য খাতেও সহযোগিতার পথ প্রশস্থ করবে বলে বিবৃতিতে বলা হয়। এতে আরো বলা হয়, "বাংলাদেশে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং জলবিদ্যুত উৎপাদনের ক্ষেত্রে ভুটানের প্রভূত সম্ভাবনার প্রেক্ষাপটে উভয় দেশ সার্কের আঞ্চলিক সহযোগিতার আওতায় জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে একমত হয়েছে।" ভুটান থেকে বিদ্যুত আমদানির জন্য বাংলাদেশ ও ভুটানকে ৫০ কিলোমিটার দীর্ঘ বিতরণ লাইন নির্মাণ করতে হবে। অবশ্য এক্ষেত্রে ভবারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন হবে। এছাড়া ঢাকা ও থিম্পু নিজ নিজ দেশে পর্যটন শিল্পের প্রসারের ব্যাপারে একমত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে শুক্রবার ভুটান যান। সোমবার তিনি দেশে ফেরেন। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সার্কভুক্ত কোনও দেশে এটাই শেখ হাসিনার প্রথম সফর। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। শেখ হাসিনা ২৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/১৮০০ ঘ.