ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদারকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে সংস্থাপন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
বাংলাদেশ বস্ত্র শিল্প করপোরেশনের (বিটিএমসি) পরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন।
রোববার এক সরকারী তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান জয়নাল আবেদীনকেও ওএসডি করে সংস্থাপন মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা পতিত পবন বৈদ্যকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা, সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা-বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের পরিচালক পদে বদলির আদেশাধীন নজরুল ইসলামকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি-ময়মনসিংহ'র মহাপরিচালক এবং সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা জায়েদুল হক মোল্লাকে মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক পদে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/০৩৪৭ঘ.
bdnews24