২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধার করা অস্ত্র ধ্বংস করে ফেলার পরামর্শ দিলেন মুহিত

উদ্ধার করা ক্ষুদ্র ও হালকা অস্ত্রের একটা অংশ সন্ত্রাসীদের কাছে চলে যায় বলে তা ধ্বংস করে ফেলার পরামর্শ দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 06:44 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্ধার করা ক্ষুদ্র ও হালকা অস্ত্রের একটা অংশ সন্ত্রাসীদের কাছে চলে যায় বলে তা ধ্বংস করে ফেলার পরামর্শ দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সকালে রাজধানীর হোটেল শেরাটনে দুদিনব্যাপী 'দক্ষিণ এশিয়ায় শান্তি এবং নিরাপত্তা : ক্ষুদ্র ও হালকা অস্ত্র নিয়ন্ত্রণের ইস্যু ও অগ্রাধিকার'- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মত দেন। ২০০১ সালের হিসাব অনুযায়ী, সারা বিশ্বে ৫০ কোটি ক্ষুদ্র অস্ত্র আছে। এ অস্ত্রের কারণে প্রতিদিন ৫ হাজার লোক মারা যায়। পরিসংখ্যানটি উল্লেখ করে মন্ত্রী মন্তব্য করেন, "এটি আতঙ্কের বিষয়।" অর্থমন্ত্রী বলেন, "স্থায়ুযুদ্ধের সময় ১৯৮১ সালে সারা বিশ্বে ১ হাজার ৪৬৪ বিলিয়ন ডলারের অস্ত্র লেনদেন হয়েছে। ১৯৮৯-৯০ সালে বার্লিন দেওয়াল ভাঙার পর অস্ত্রের ব্যবসা কমে আসে। কিন্তু যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর বিশ্বে অস্ত্রের ব্যবসা বেড়ে গেছে।" বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মনিরুল ইসলাম। সেমিনারে আফগানিস্তান, ভুটান, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ ও চীনের সরকারি পর্যায়ের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন। এছাড়া জাতিসংঘ ও সার্ক সংশ্লিষ্ট কর্মকর্তারাও এতে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমইউএস/এসকে/২৩৫৬ঘ.