ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলওয়ের কার্যক্রম গতিশীল করতে একে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আলাদা করে স্বতন্ত্র একটি মন্ত্রণালয় করার সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির মতে, অতীতের সরকারগুলো রেলওয়ের প্রতি যথাযথ নজর দেয়নি। ফলে প্রতিষ্ঠানটি যেমন লাভজনকভাবে পরিচালিত হচ্ছে না। তেমনি এতে যাত্রী সেবার মানও বাড়েনি।
রোববার সংসদ ভবনে সংসদীয় কমিটির সভার পর কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, "রেলওয়েকে স্বতন্ত্র মন্ত্রণালয় করা হলে এটি বাণিজ্যিকভাবে লাভজনক করা সহজ হবে। বাড়বে যাত্রী সেবার মানও।"
বর্তমানে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে রেলওয়ের পরিচালিত হচ্ছে।
রেলওয়ে কর্মকর্তারা বলছেন, রেলের বর্তমান কাঠামোতে তারা উন্নয়ন পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছেন না।
স্বতন্ত্র মন্ত্রণালয় হলে রেলওয়ের উন্নয়ন পরিকল্পনা সরাসরি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো যাবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় রেলওয়ের প্রশাসনিক সংস্কার সংক্রান্ত একটি প্রকল্প ঝুলে আছে।
প্রকল্প উপদেষ্টা রেলওয়েকে স্বতন্ত্র মন্ত্রণালয় বা যোগাযোগমন্ত্রীর আওতায় একটি স্বতন্ত্র বিভাগ করার সুপারিশ করেছে। যদিও এখন পর্যন্ত যোগাযোগ মন্ত্রণালয় তা অনুমোদন করেনি।
১৪২ বছর আগে তৎকালীন ব্রিটিশ শাসনে সময় উপমহাদেশে রেল বিভাগ যাত্রা শুরু করে। এর ধারাবাহিকতায় স্বাধীনতার পর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশে রেলপথের দৈর্ঘ্য ১ হাজার ৮৫৫ কিলোমিটার। রেলকর্মীর সংখ্যা ৩৪ হাজার ১৬৮ জন।
১৯৮২ সাল পর্যন্ত রেলওয়ে বোর্ডের অধীনে এর কার্যক্রম পরিচালিত হতো। এরপর একে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটি বিভাগে আনা হয়।
রেলওয়েরকার্যক্রম তদারকিতে ১৯৯৫ সালে নয় সদস্যের রেল কর্তপক্ষ গঠন করা হয়। যোগাযোগমন্ত্রী পদাধিকার বলে এর চেয়ারম্যান থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24