২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধান্তের ৪ বছর পর আদালত পাড়ায় সিসি ক্যামেরা

২০০৫ সালে জঙ্গি হামলার পর রাজধানীর আদালত পাড়ায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হলেও তা কার্যকর হলো মাত্র কয়েকদিন আগে। বিস্তারিত জানাচ্ছেন প্রকাশ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 04:30 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

প্রকাশ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিদ্ধান্ত নেওয়ার চার বছর পর অবশেষে ঢাকার নিু আদালত পাড়ায় বসানো হয়েছে আটটি ক্লোজ সার্কিট ক্যামেরা। গত ২৭ অক্টোবর থেকে অনানুষ্ঠানিকভাবে এ ক্যামেরাগুলোর কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রুহুল আমিন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী জঙ্গিদের বোমা হামলার পরই আদালত পাড়ায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছিলো। তবে সরকার পরিবর্তনসহ নানা কারণে দীর্ঘদিন এ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চার বছর পরে হলেও এটি একটি ভালো উদ্যোগ। তবে এতো স্বল্পসংখ্যক ক্যামেরা দিয়ে এতো বড়ো আদালত পাড়ায় কতোটা নজরদারি করা যাবে-সেটাই এখন প্রশ্ন।" আরো বেশি ক্যামেরা বসানোর দাবি জানান এ আইনজীবী। তবে পুলিশ কর্মকর্তা রুহুল আমিন জানান, খুব শিগগিরই এ আদালত পাড়ায় আরো ২২টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হবে। ক্যামেরাগুলো বসানোর পর আদালত পাড়ায় মুখ্য মহানগর হাকিম, জেলা জজ, মহানগর দায়রা জজ আদালত ভবন ও দু'টি হাজতখানার প্রবেশ মুখের চিত্র দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ কক্ষে বসানো কম্পিউটার মনিটরে। মুখ্য মহানগর হাকিম আদালত ভবনের নিচ তলায় মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের দপ্তরে ক্যামেরাগুলোর নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা রুহুল আমিন জানান, প্রতিটি ক্যামেরার কার্যক্ষমতা ৩০ ফুট জায়গাজুড়ে। এতে রয়েছে নাইট ভিশন সুবিধা। যা রাতের অন্ধকারেও কাজ করবে। শুক্র-শনিবারসহ সরকারি ছুটির দিনেও এ ক্যামেরাগুলো সচল থাকবে। ক্যামেরাগুলো সরবরাহ করা প্রতিষ্ঠান 'নিরাপত্তা সার্ভিসেস লিমিটেড'র মালিক সাখাওয়াত হোসেন জানান, এ্যাভটেক নামের মার্কিন কোম্পানি এর যন্ত্রাংশ তৈরী করেছে। যন্ত্রাংশ সংযোজন করা হয়েছে তাইওয়ানে। পুলিশ কর্মকর্তা রুহুল আমিন ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে রয়েছেন। তিনি জানান, ভিডিওতে ধারন করা ছবিগুলো ১০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে। ১১ দিনের মাথায় তা আবার মুছে যাবে। ইতোমধ্যেই ক্যামেরাগুলোর সুফল পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, "মুখ্য মহানগর হাকিমের আদালতের কোর্ট হাজতের সামনে বিচারপ্রার্থী, মোহরার ও দালালদের আনাগোনা এবং অবৈধ লেনদেন কমে গেছে। এছাড়া এসব ক্যামেরার কারণে আসামিদের পর্যবেক্ষণের মধ্যে রাখা যায়।" তবে অস্বাভাবিক, সন্দেহজনক বা জঙ্গি এ রকম কেউ এখন পর্যন্ত ক্যামেরায় সনাক্ত হয়নি বলে জানান তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে প্রতিদিন গড়ে সাতশ' আসামিকে মামলার কারণে কোর্ট হাজতে আনা হয় বলে জানান রুহুল আমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসএইচ/এমআই/১০১০ ঘ.