দিনাজপুর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বাড়ানো ও বোনাস দেওয়ার দাবিতে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা গত দু'দিন ধরে বিক্ষোভ সমাবেশ করছে।
বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার তারা দুই ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ করবেন।
তিনি বলেন, "শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান জহির ট্রেডার্স তাদের ন্যায্য মজুরি দিচ্ছে না। এ ব্যাপারে গত ২৯ অক্টোবর ওই প্রতিষ্ঠানকে এবং ২ ও ১১ অক্টোবর দুই দফায় বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে তাদের দাবি লিখিতভাবে জানানো হয়। কিন্তু কেউ এ বিষয়ে উদ্যোগ নেয়নি।
এ ব্যাপারে ইউনিয়নের উপদেষ্টা এসএম নুরুজ্জামান বলেন, রোববার সন্ধ্যায় জহির ট্রেডার্সের সঙ্গে ইউনিয়নের একটি সভা হবে। তবে এর মধ্যেই কর্মসূচি অব্যাহত থাকবে।
জহির ট্রেডার্সের মালিক জহির উদ্দীন বলেন, "দরপত্র অনুযায়ী আমরা শ্রমিকদের মজুরি দিচ্ছি। তারপরও ১০ ভাগ বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছি। মানবে কি না-এটা তাদের ব্যাপার।"
এ ব্যাপারে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হালদার বলেন, "শ্রমিকদের দাবির বিষয়টি তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের বিষয়। এখানে আমাদের করণীয় কিছুই নেই।"
শুক্রবার তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে শ্রমিকরা বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যরা বাধা দেয়। পরে কেন্দ্রের বাইরে প্রধান ফটকের সামনে সারা দিন বিক্ষোভ করে। শনিবারও তারা সারা দিন বিক্ষোভ করে।
এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে মোট শ্রমিক-কর্মচারি সংখ্যা ২৩৭। এর মধ্যে আগে নিয়োগ করা হয় ১৭২ জনকে। গত এক মাস আগে আরও ৬৫ জন নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/২৩০০ ঘ.
bdnews24