সিলেট, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা, অপহরণসহ অপরাধ বন্ধ এবং নির্দিষ্ট সীমানার বাইরে স্থাপনা নির্মাণ না করাসহ বিভিন্ন বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছে বিডিআর।
শনিবার বিডিআর এর সিলেট সেক্টর সদর দপ্তর থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে কারো স্বাক্ষর ছিল না। এমনকি এ বিষয়ে বিডিআর'র কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের নানা সমস্যা নিয়ে বিডিআর ও বিএসএফ'র উপ-মহাপরিচালক ও মহাপরিদর্শক (আইজি) পর্যায়ের চারদিনের সম্মেলন শনিবার শেষ হয়েছে।
বুধবার সিলেটের একটি হোটেলে এই সম্মেলন শুরু হয়েছিল।
সীমান্তে উত্তেজনা, চোরাচালান রোধ, অপদখলীয় জায়গা নিয়ে বিরোধসহ বিভিন্ন সমস্যা সমাধানে উভয় পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে।
বাকি যেসব সমস্যা সমাধানে ঐকমত্য হয়েছে সেগুলো হল- সীমান্ত রেখার দেড়শ' গজের মধ্যে স্থাপনা, রাস্তা, পরিখা খনন ও সামরিক কাজে কাঁটাতারের বেড়া নির্মাণ না করা, মুক্তিপ্রাপ্ত ভারতীয় নাগরিকদের প্রত্যাবাসন।
এছাড়া বাংলাদেশের সীমান্তবতী রাস্তা, সেতু, বাঁধ উন্নয়ন ও মেরামত কাজে বিএসএফ'র সহযোগিতা এবং অপদখলীয় জমির যৌথ জরিপ কাজ পরিচালনা ও পারস্পারিক আস্থা বাড়াতে বিএসএফ'র সহযোগিতা চেয়েছে বিডিআর।
সম্মেলনে বাংলাদেশের ১৩ সদস্যের দলটির নেতৃত্ব দেন বিডিআর'র উপ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হক। দলে আরও ছিলেন বিডিআর কর্মকর্তা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
ভারতের ১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ'র মহাপরিদর্শক (আইজি) শ্রী এস কে মিশ্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৮ ঘ.
bdnews24