ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালন করে বিএনপি দেশবাসীকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
আওয়ামী লীগ ৭ নভেম্বরকে 'মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস' হিসেবে পালন করে থাকে। এ উপলক্ষে শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃৃতিক জোট আয়োজিত মানব বন্ধন কর্মসূচীতে মন্ত্রী একথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আরো বলেন, "জিয়াউর রহমান তার শাসনামলে সেনাবাহিনীর শত শত মুক্তিযোদ্ধা অফিসার এবং সাধারণ সৈনিকদের হত্যা করেছেন।"
প্রয়াত সেনাশাসক জিয়াউর রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভ্যুত্থান প্রচেষ্টা হয় যার পর বিতর্কিত বিচারে অনেক সেনাকর্মকর্তা ও সৈনিকের প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে।
মানব বন্ধন কর্মসূচীতে কামরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, "বিভ্রান্তি দূর করতে ৩ থেকে ৭ নভেম্বরের মধ্যে ঘটনা সেসময়কার সাংবাদিক, কলামিস্ট ও সেনা কর্মকর্তাদের জাতির সামনে তুলে ধরতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৯৩১ঘ.
bdnews24