সিলেট, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, "সরকার প্রতিটি নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করবে। গুরুত্বপুর্ণ এই খাতকে অনুন্নত রেখে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে না।"
শনিবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মিলনায়তনে শিক্ষানবিস চিকিৎসকদের ৪১তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এই কথা বলেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসক পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে মুহিত বলেন, জেলার কলেরা ও যক্ষ্মা হাসপাতাল আধুনিকায়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের কাজ শিগগিরই শুরু হবে।
এছাড়া রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে শিশু ও নবজাতকদের উন্নত সেবা নিশ্চিত করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিরাজমান সমস্যাগুলো সমাধানেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রী জানান।
ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি ফরহাদ উদ্দিন হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার কাজী আবু তাহের ইব্রাহিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১১ ঘ.
bdnews24