২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএমএ: বিরোধীবিহীন নির্বাচনে স্বাচিপের জয়

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের যৌথ প্যানেল নিরঙ্কুশভাবে নির্বাচিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 06:23 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের যৌথ প্যানেল নিরঙ্কুশভাবে নির্বাচিত হয়েছে। এ নির্বাচনে বিরোধী দল সমর্থিত কোন প্যানেল অংশ নেয় নি। যৌথ প্যানেলের প্রার্থী মাহমুদ হাসান বিএমএ'র নয়া সভাপতি ও মো. শারফুদ্দিন আহমেদ মহাসচিব, এহেসানুল কবির জগলুল কোষাধ্যক্ষ ও মো. আব্দুল আজিজ যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে সাত বছর পর আওয়ামী লীগ ও সিপিবিসমর্থিত চিকিৎসকরা বিএমএ'র নেতৃত্বে আসলেন। শুক্রবার সন্ধ্যায় বিএমএ নির্বাচন কমিশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও ঢাকার সেন্ট্রাল কাউন্সিলর পদের ফলাফল ঘোষণা করে। তবে ঢাকার বাইরের ফলাফল শুক্রবার রাত পর্যন্ত কমিশনের হাতে না পৌঁছানোয় সকল পদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ৪১টি পদে সিপিবি সমর্থক ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট ছয়টি ও সেন্ট্রাল কাউন্সিলরের ১০২টি পদের মধ্যে নয়টি পেয়েছে। বাকিগুলো স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রার্থীরা পেয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর তোপখানা রোডে বিএমএ'র কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে কার্যনিবাহী পরিষদের ৪১টি পদে ও ২৫২টি সেন্ট্রাল কাউন্সিলরের পদে ভোট নেওয়া হয়। এবারে মোট ভোটার হচ্ছেন ২৫ হাজার ১৩৩ জন। ঢাকায় ৪১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব ডা. লুতফর রহমান। শুক্রবার রাতে তিনি জানান, নির্বাহী পরিষদ ও ঢাকার সেন্ট্রাল কাউন্সিলরের পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে এখনো ঢাকার বাইরে হাতে এসে না পৌঁছানোর কারণে কিছুসংখ্যক পদের ফলাফল জানাতে কিছুটা দেরি হচ্ছে। বিএমএ'র নবনির্বাচিত মহাসচিব ডা. শারফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকায় কার্যনির্বাহী পরিষদ ও সেন্ট্রাল কাউন্সিলরের সব পদে আমরা জয়ী হয়েছি।" ঢাকার বাইরের বেশিরভাগ সেন্ট্রাল কাউন্সিলরের পদেও তারা জয়ী হয়েছেন দাবি করে তিনি জানান, কিছু পদ ড্যাবও পেয়েছে।" বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জামায়াতে ইসলামী সমর্থক ন্যাশনাল ডক্টরস ফোরাম মনোনয়নপত্র দাখিল করলেও পরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে নির্বাচন বয়কটের ডাক দেয়। নির্বাচন বয়কট করে জাসদ সমর্থক বাংলাদেশ চিকিৎসক পরিষদও। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এ ঘোষণা দেওয়ার পরও ব্যালট পেপারে এসব প্যানেলের প্রার্থীদের নাম থেকে যায়। ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, "বিএমএ সকল চিকিৎসকদের সংগঠন। নির্বাচন নিয়ে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। কিন্তু চিকিৎসকদের কল্যাণে তো আমাদের কোন বিরোধ নেই। যারা চিকিৎসকদের কল্যাণে, স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন চাইবে, আমি তাদের জন্যই কাজ করব।" এবারের নির্বাচনে বিএমএ কার্যনির্বার্হী পরিষদের নব নির্বাচিত কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি পদে মো. আব্দুর রউফ সরদার, কামরুল হাসান খান, এম নজরুল ইসলাম, নুরুল ইসলাম, শেখ বাহারুল আলম, মোস্তফা আলম নান্নু, মো. এহতেশামুল হক চৌধুরী, সাংগঠনিক পদে উত্তম কুমার বড়