২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সঙ্কট ৩ বছরেই কাটছে, আশা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী আশা করছেন, তিন বছর পর দেশে বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট থাকবে না। আর পেট্রোবাংলা জানিয়েছে, আগামী দুই বছরে গ্যাস উত্তোলন দ্বিগুণ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী আশা করছেন, তিন বছর পর দেশে বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট থাকবে না। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয় আন্তর্জাতিক সিএনজি মেলার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ আশার কথা শোনান। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক এ উপদেষ্টা বলেন, এই সরকারের মেয়াদ ২০১৪ সাল পর্যন্ত হলেও আমরা আশা করছি, ২০১২ সাল নাগাদ বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান হবে। তিনি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির বিষয়ে সরকারের পদক্ষেপের কথা জানান। সঙ্কট কাটাতে সৌরবিদ্যুৎ এবং পারমাণবিক জ্বালানির মতো বিকল্প উৎস কাজে লাগানোর পদক্ষেপও নেওয়া হচ্ছে বলেও জানান তৌফিক ইলাহী। দেশে বর্তমানের বিদ্যুতের দৈনিক চাহিদা ৫ হাজার মেগাওয়াটের বেশি হলেও উৎপাদন ৪ হাজার মেগাওয়াটের কম। ফলে লোডশেডিং করে তা সামাল দিতে হচ্ছে। রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কর্পোরেশন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর সাংবাদিকদের জানান, আগামী দুই বছরে গ্যাসের মজুদ উল্লেখযোগ্য পরিমাণে বাড়াবে। "দুই বছরের মধ্যে আমরা গ্যাসের উত্তোলন দ্বিগুণ করব", বলেন তিনি। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা চাহিদার তুলনায় মজুদ খুবই কম থাকায় গ্যাসের মতো উৎসগুলোর সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) ব্যবহারকারীদের মাঝে এর নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো প্রচারে সিএনজি কনভার্সন রিফুয়েলিং শিল্পর আরো মনোযোগী হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। আয়োজকরা জানান, চার দিনব্যাপী এ সিএনজি মেলায় দেশি-বিদেশি শতাধিক কোম্পনি অংশ নিচ্ছে। এতে ৫০টি স্থানীয় কোম্পানির পাশাপাশি ২০টি দেশের প্রতিষ্ঠান (এন্টারপ্রাইজ) তাদের সিএনজিচালিত মেশিন ও পণ্য প্রদর্শন করছে। বাংলাদেশে ১৩০টি সিএনজি কনভার্সন সেন্টার এবং প্রায় ৫০০ রিফুয়েলিং স্টেশন থেকে এক লাখ ৭২ হাজার গাড়িতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়, সিএনজি খাতে ইতিমধ্যে ২০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং এ খাত বছরে দেশের ১০০ বিলিয়ন ডলারের জ্বালানি খরচ বাঁচাতে সাহায্য করছে।ু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এজে/এমআই/১৬০০ ঘ.