ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুল এলাকায় শুক্রবার ভোররাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আমির আলী (৩৪) মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী তাজের ঘনিষ্ঠ সহযোগী বলে পুলিশ দাবি করেছে।
রাত ৩টার দিকে ইব্রাহিমপুর বাজারের কাছে 'বন্দুকযুদ্ধে' নিহত হন আমির।
র্যাব-৪ এর কর্মকর্তা মেজর সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাবের একটি দল ইব্রাহিমপুর বাজারের পাশে কয়েকজন সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করে। ওই সময় তারা র্যাবকে লক্ষ করে গুলি ছুড়লে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।"
তিনি বলেন, দুই পক্ষের বন্দুকযুদ্ধের সময় আমির গুলিবিদ্ধ হন।
কাফরুল থানার ওসি দেলোয়ার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, শীর্ষসন্ত্রাসী তাজের সহযোগী আমিরের বিরুদ্ধেও কাফরুল থানায় কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/এমআই/১৩১৫ ঘ.
bdnews24