ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ডিসেম্বর মাসের মধ্যেই সব স্তরের পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর গুদামে 'নাশকতা ও ষড়যন্ত্রমূলকভাবে' আগুন লাগানোর পেছনে জড়িতদের মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
বৃহস্পতিবার সংসদে আইন প্রণয়ন কার্যক্রমের পর ৩০০ ধারায় দেওয়া বক্তব্যের সময় মন্ত্রী অভিযোগ করেন, প্রস্তাবিত শিক্ষানীতির বিরুদ্ধে একটি মহল ধর্ম শিক্ষা ও ইসলাম নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
প্রস্তাবিত শিক্ষানীতির মাধ্যমে ধর্ম শিক্ষা ও ইসলামকে বিলোপ করা হবে- বিরোধীদের এ যুক্তি খণ্ডন করে তিনি বলেন, "আমি স্পষ্ট করে বলতে চাই এ নীতির ফলে মাদ্রাসা ও ইসলাম কোনভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। ইসলাম বিরোধী কোন কাজ এ সরকার করবে না।"
তিনি বলেন, এ নীতি বাস্তবায়ন হলে মাদ্রাসা শিক্ষা আরও উন্নত, আধুনিক ও যুগোপযোগী হবে।
নতুন বছরে ১৯ কোটি বই ছাপানোর জন্য ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, "কোন প্রতিবন্ধকতা সরকারকে এ কাজ থেকে বিরত রাখতে পারবে না। এ বিশাল কাজ আগে কেউ করার সাহস দেখায়নি। সব বাধা অতিক্রম করে আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশের সকল স্তরের পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে।"
মন্ত্রী জানান, আগামী জানুয়ারি মাসের প্রথম কার্যদিবস থেকে সব বিদ্যালয়ে ক্লাশ শুরুর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য ডিসেম্বরের মধ্যে যেকোন মূল্যে সরকার দেশের প্রতিটি জায়গায় প্রতিটি পরিবারে সময়মতো বই পৌঁছে দেবে।
প্রস্তাবিত শিক্ষানীতি কোন দলীয় নীতি নয়- এ মন্তব্য করে শিক্ষানীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, "বর্তমান সরকার জাতীয় কর্তব্য হিসেবে সমগ্র জাতির স্বার্থে বিশেষজ্ঞদের নিয়ে এ শিক্ষানীতি প্রণয়ন করেছে এবং দেশবাসীর মতামত নেওয়া হচ্ছে। এরপরও একটি মহল নানা অপ্রচার চালাচ্ছে।"
এনসিটিবি গুদামের আগুন
এনসিটিবি গুদামে আগুন লাগা প্রসঙ্গে প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, চারদিন ও চার রাতের আগুনের ফলে ভবনটি একপ্রকার অকেজো হয়ে পড়েছে।
মন্ত্রী বলেন, এতে করে ভবন ও গুদামটি নষ্ট হবে। তবে আগুনের ফলে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত জানা যাবে না।
বর্তমান সরকারের 'জনমুখী নীতি ও পরিকল্পনাকে' বাধাগ্রস্ত করতেই এনসিটিবি গুদামে আগুন লাগানো হয়েছে বলে তিনি আবারো অভিযোগ করেন।
আগুন লাগার পারিপার্শ্বিকতা ও তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন উদ্ধৃত করে তিনি বলেন, "স্পষ্ট বোঝা যাচ্ছে আগুন লাগার বিষয়টি নাশকতা ও ষড়যন্ত্রমূলক। কেননা এ ভবনে স্বাভাবিকভাবে আগুন লাগার কোন সম্ভাবনা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২১৫০ঘ.
bdnews24